মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার চারটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের কর্মী বলে জানা গেছে। পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে তাঁরা মূল সড়কে প্রবেশ করেন।
এর আগে সোমবার একই স্থানে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে নতুন করে আন্দোলন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে ফটকের সামনে জড়ো হন। পরে পাশের মাইক্রো ফাইবারের শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে কারখানা ছুটি দেওয়া হয়। এরপর মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরাও আন্দোলনে যুক্ত হন।
বেলা আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেটের দিকে অগ্রসর হন। পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখে বাধা দিলেও শ্রমিকেরা ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে যানবাহন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক