গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সৃষ্ট দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে দোলা পরিবহনের বাসটি আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে।
এ সময় পাশেই থাকা ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ; কাশিয়ানী হাইওয়ে থানা।

প্রথম দর্পণ,ডেস্ক