ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তার নামাজ শুদ্ধ হবে না। এমনকি মসজিদে নববী কিংবা মসজিদের সামনের খোলা চত্বরেও ইমামের আগে দাঁড়িয়ে নামাজ পড়লে একই বিধান প্রযোজ্য হবে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দিয়েছেন মুফতি শফিকুল ইসলাম হাটহাজারী। তিনি জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস।
প্রশ্নে জানতে চাওয়া হয়, মসজিদে নববীতে জামাতে নামাজ আদায়ের সময় হাজার হাজার মুসল্লিকে ইমামের সামনের দিকে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখা যায়। এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?
জবাবে মুফতি শফিকুল ইসলাম বলেন, মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তার নামাজ হবে না। ইমামের আগে মুক্তাদির অবস্থান নেওয়া নামাজ নষ্ট হওয়ার কারণ। মসজিদে নববী হলেও এ বিধানের ব্যতিক্রম নেই।
নিজের বক্তব্যের পক্ষে তিনি হানাফি ফিকাহশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ ‘ফাতাওয়া আলমগিরি’ থেকে উদ্ধৃতি দেন। গ্রন্থটিতে বলা হয়েছে—
وَلَوْ تَقَدَّمَ عَلَى الْإِمَامِ مِنْ غَيْرِ عُذْرٍ فَسَدَتْ صَلَاتُهُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.
এর অর্থ, কোনো ওজর বা গ্রহণযোগ্য কারণ ছাড়া মুক্তাদি ইমামের সামনে অবস্থান নিলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। একই বিধানের উল্লেখ রয়েছে ‘ফাতাওয়া কাজিখান’ গ্রন্থেও।
মুফতি শফিকুল ইসলাম তাঁর উত্তরে ‘ফাতাওয়া আলমগিরি’র প্রথম খণ্ডের ১০৩ পৃষ্ঠার উদ্ধৃতি উল্লেখ করেন। গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ।

প্রথম দর্পণ,ডেস্ক