মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালুর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। এসব কেন্দ্রে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর দেশটিতে নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগের মধ্যেই এ তালিকা প্রকাশ করা হলো।
শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।
ঢাকাসহ বিভিন্ন এলাকার মেডিকেল সেন্টার
প্রকাশিত তালিকা অনুযায়ী, অনুমোদিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার; ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস; পুরানা পল্টনের ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, আনাস মেডিকেল সেন্টার ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার।
এ ছাড়া নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার; বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার ও কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার তালিকায় রয়েছে।
বনশ্রী ও রামপুরা এলাকায় অনুমোদন পেয়েছে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড ও ডায়নামিক ল্যাব। পশ্চিম রামপুরায় রয়েছে ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার।
বনানীর গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার ও সারা হেলথ কেয়ার; কাকলীর পুষ্প ক্লিনিক; চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার ও সানমুন মেডিকেল সেন্টার এবং প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টারও অনুমোদিত তালিকায় রয়েছে।
উত্তরা অঞ্চলে দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরের আইচি হাসপাতাল এবং গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ধানমন্ডির গ্রিন রোডে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্টের মানিকদীতে ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাটিকাটায় মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার, নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, এভারগ্রিন মেডিকেল সেন্টার ও ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস তালিকায় রয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিকেল সেন্টার, উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড এবং মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টারও অনুমোদিত কেন্দ্রের অন্তর্ভুক্ত।
স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা
এফডব্লিউসিএমএস জানিয়েছে, তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো স্থানীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ার কোম্পানি বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রয়োজনীয় নিরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করে এসব প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।
মালয়েশিয়ায় কাজের জন্য আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগোনোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক।
এদিকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় কিংবা চাকরিপ্রার্থীদের হয়রানি না করার বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
মেডিকেল অনুমোদন দ্রুত করার দাবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ ও গতিশীল করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। বিশেষ করে মেডিকেল অনুমোদনের দীর্ঘসূত্রতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ৬২টি রিক্রুটিং এজেন্সির পক্ষে বক্তব্য দেন মোহাম্মদ ফজলুল ইসলাম ইয়াসিন। তিনি মেডিকেল অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) জন্য যৌক্তিক প্রসেসিং ফি নির্ধারণের আহ্বান জানান।
সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে নিয়োগ কার্যক্রম পুরোপুরি চালু করতে পরবর্তী প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম সম্পন্ন হওয়া প্রয়োজন।

প্রথম দর্পণ,ডেস্ক