সৌদি আরবের পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তের আওতায় এ সুবিধা চালু করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট চার দেশের নাগরিকদের ভিসার জন্য দূতাবাসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে মাল্টিপল-এন্ট্রি ই-ভিসার আবেদন করতে পারবেন তারা। পাশাপাশি সৌদি আরবের নির্ধারিত বিমানবন্দর ও প্রবেশপথে পৌঁছেও ভিসা নেওয়ার সুযোগ থাকবে।
নতুন এই ভিসা সুবিধার আওতায় পর্যটকদের সৌদি আরব ভ্রমণের পাশাপাশি পবিত্র ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, প্রদর্শনী ও অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দেশটিতে বসবাসরত আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ভিসাধারীরা।
সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবের এ উদ্যোগের ফলে চার দেশের সঙ্গে দেশটির পর্যটন, বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রেও পদক্ষেপটি ভূমিকা রাখবে।
তবে নতুন সুবিধার আওতায় ভ্রমণকারীদের জন্য কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে সৌদি আরবে কোনো ধরনের বেতনভুক্ত চাকরি বা কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না। এ ভিসায় ওমরাহ পালনের অনুমতি থাকলেও সরকারি হজ মৌসুমে ওমরাহ পালন করা যাবে না।
এ ছাড়া ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করে অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাসহ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে। তাই ভ্রমণকারীদের ভিসার শর্ত ও মেয়াদ যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আরব নিউজ, আজকের পত্রিকা।

প্রথম দর্পণ,ডেস্ক