আয়োজকদের সূচি অনুযায়ী, দুপুর ৩টায় দর্শকদের জন্য কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না; সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে অনুষ্ঠানস্থল।
একই মঞ্চে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কনসার্টে অংশ নেবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নগরবাউল জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
অন্যদিকে, ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটি জানিয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত—।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আয়োজনের অংশ হিসেবে এই কনসার্টে এক মঞ্চে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স