ঢাবিতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ রাত
  • ৮৫৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়টি জানা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি, গত মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন আমান

বরখাস্ত হওয়া কর্মচারী আমানুল্লাহ আমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আমান। শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য ছিলেন আমান। তবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি কোনো পদ পাননি।

পরবর্তী সময়ে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পান তিনি। সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ঘনিষ্ঠ হিসেবেও তাঁর পরিচিতি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছাত্রলীগের সর্বশেষ বর্ধিত কমিটিতে তাঁকে সহসভাপতি পদে দায়িত্ব দেওয়ার একটি চিঠিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে চিঠিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

গণ-অভ্যুত্থানের সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগ

২০২৪ সালের ৪ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে তৎকালীন সরকারের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে আমানুল্লাহ আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ব্যবহারে অনিয়ম এবং নিয়মিত অফিস না করে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৬৪ নম্বর কক্ষে একাই থাকতেন বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দুজনকেই কারণ দর্শানোর নোটিশ

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট দুজনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, নিপু ইসলাম তন্বীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাময়িক বরখাস্তের পর আমানুল্লাহ আমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বরখাস্তের পর তিনি আত্মগোপনে রয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad