শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে কপ-৩১-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ রাত
  • ৮৬৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা নিয়ে তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১। তবে বিশ্বের বৃহৎ অর্থনীতি ও অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর শীর্ষ নেতাদের অনুপস্থিতি সম্মেলনের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানদের অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকর্মীরা।

তাদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী এবং সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগকে দুর্বল করতে পারে।

আয়োজক সূত্রের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও অংশগ্রহণকারীদের সর্বশেষ তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

ইউরোপের প্রভাবশালী নেতাদের অনুপস্থিতি

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও আন্তালিয়ায় আসছেন। তবে ইউরোপের বড় অর্থনীতির দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানদের অনুপস্থিতি জলবায়ু কূটনীতিতে ইউরোপের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ই৩-জি-এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইউরোপের কয়েকটি বড় দেশের নেতাদের সম্মেলনে না আসা দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন ছিল।

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। এ ছাড়া বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেন, বিশ্বনেতারা উপস্থিত থাকলে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখার সুযোগ তৈরি হয়। ইউরোপীয় ইউনিয়নের বৃহৎ অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় সম্মেলনে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতৃত্ব নেই

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অন্যতম প্রধান উৎস। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় দেশ দুটির রাজনৈতিক নেতৃত্বের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। এর আগে তাঁর প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের উদ্যোগ নেয়। ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিত্বও সীমিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং দেশটির প্রতিনিধিত্ব করছেন। সি চিনপিং সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।

ই৩-জি বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল অবশ্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বন উজাড় কমানো ও জলবায়ু সুরক্ষায় লুলার অবস্থানকে জলবায়ু আন্দোলনকর্মীদের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন তিনি।

তবে ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুলের মতে, বিশ্বের প্রভাবশালী অনেক নেতার অনুপস্থিতি সম্মেলনের সফলতাকে বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে জলবায়ু ক্ষতির জন্য বেশি দায়ী দেশগুলোর নেতৃত্বের অনুপস্থিতি উদ্বেগজনক।

জলবায়ু অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের দাবি

বাংলাদেশের পরিবেশবিষয়ক সংগঠন কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসান আমার দেশকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মতো গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি গভীর তাৎপর্য বহন করে।

তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর শীর্ষ নেতৃত্ব যদি জলবায়ু সংকট মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেয়, তাহলে কার্যকর পরিবর্তনের প্রত্যাশা কতটা বাস্তবসম্মত—সেই প্রশ্ন থেকেই যায়। জলবায়ু সংকট এখন আর শুধু কূটনৈতিক আলোচনার বিষয় নয়; এটি কোটি কোটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের প্রশ্ন।

এম. এ. হাসানের মতে, সম্মেলনের সফলতা নির্ভর করবে আলোচনার টেবিলে কতটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেগুলো বাস্তবায়নে অংশগ্রহণকারী দেশগুলো কতটা দায়বদ্ধতা দেখাচ্ছে, তার ওপর।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমাতে হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৬ সালের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ কমানো প্রয়োজন।

এম. এ. হাসান আরও বলেন, কপ-৩১ সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণের সময়সীমা, নিঃসরণ কমানোর পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নত ও ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তারা সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি দায়িত্ব নিতে প্রস্তুত কি না, সেটিই রাজনৈতিক সদিচ্ছার প্রকৃত পরীক্ষা। কপ-৩১-কে শুধু প্রতিশ্রুতির সম্মেলন না করে বাস্তব পদক্ষেপ, ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করার সম্মেলনে পরিণত করতে হবে।

প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে সফলতার মাপকাঠি

পরিবেশবিদদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ কিংবা নতুন প্রতিশ্রুতি ঘোষণা করাই যথেষ্ট নয়। অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কার্যকর পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের জবাবদিহিই নির্ধারণ করবে কপ-৩১ কতটা সফল হবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় উন্নত দেশগুলো কতটা দায়িত্ব পালন করে, এবারের সম্মেলনে সেটিই বড় পরীক্ষার বিষয় হয়ে উঠেছে।

তথ্যসূত্র: ১১ নভেম্বর ২০২৬; সম্মেলন আয়োজক সূত্র, বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত বক্তব্য, ই৩-জি, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপ, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড এবং কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসানের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad