পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন ৪৯০ জন। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে।
পাহাড়ে চলছে বিশেষ অভিযান
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।
দুর্গম এলাকায় যৌথ অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতা নিয়ে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে বলে সংসদকে জানান তিনি।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক