বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
জানুয়ারির মধ্যে আলোচনায় অগ্রগতির আশা
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা ও কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে সরকারের গঠিত ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।
তিনি বলেন, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচির মূল লক্ষ্য শুধু ঋণ পাওয়া নয়। এটি একটি সমন্বিত কর্মসূচি, যার সঙ্গে অর্থনীতির বিভিন্ন বিষয় জড়িত।
এ ছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদ
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তাঁর প্রত্যাশা, আগামী জানুয়ারির মধ্যে সরকার রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
তিনি বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি আসবে। তবে এসব উন্নয়নের সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে গতি পাবে বলে আশা করা হচ্ছে।
সরকারি ব্যয়ে অপচয় রোধে গুরুত্ব
সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, করদাতাদের অর্থের অপচয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সরকারি ব্যয়ের প্রতিটি খাত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। প্রতিটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন, বিনিয়োগের বিপরীতে মুনাফা এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয় যেন জাতীয় আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, সেটিও নিশ্চিত করা হচ্ছে। সরকারের মতে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় এটিই সঠিক পদ্ধতি।

প্রথম দর্পণ,ডেস্ক