প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
ডায়াবেটিসকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে।
তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ উল্লেখ করে তিনি বলেন, প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
তথ্যসূত্র:‘প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী’, যাযাদি অনলাইন, প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক