সম্প্রতি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি মস্তিষ্কের সুস্থতা ও স্মৃতিশক্তি ভালো রাখতে এসব খাবারের পুষ্টিগুণ তুলে ধরেছেন। তাঁর মতে, এসব খাবারে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সহায়ক হতে পারে।
১. আখরোট
মস্তিষ্কের জন্য উপকারী খাবারের তালিকায় রয়েছে আখরোট। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এসব উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহজনিত ক্ষতি মোকাবিলায় সহায়তা করতে পারে। পাশাপাশি মস্তিষ্কের কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে আখরোট।
২. ডিম
প্রোটিনের পাশাপাশি ডিমে রয়েছে কোলিন নামের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি অ্যাসিটাইলকোলিন নামের একটি নিউরোট্রান্সমিটার তৈরিতে ভূমিকা রাখে। মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ, শেখার ক্ষমতা এবং স্নায়ুকোষের মধ্যে সংকেত আদান-প্রদানে এই উপাদান গুরুত্বপূর্ণ।
৩. স্যামনসহ চর্বিযুক্ত মাছ
স্যামনের মতো চর্বিযুক্ত মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ডিএইচএ ও ইপিএ। এর মধ্যে ডিএইচএ মস্তিষ্কের কোষের ঝিল্লির গুরুত্বপূর্ণ উপাদান। এটি স্নায়ুকোষের গঠন ও স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
৪. কুমড়ার বীজ
কুমড়ার বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও কপার। এসব খনিজ উপাদান মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। বিশেষ করে জিঙ্ক স্নায়ুকোষের মধ্যে সংকেত আদান-প্রদানে সহায়তা করে। অন্যদিকে ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত।
৫. বেরি জাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি ও অন্যান্য বেরি জাতীয় ফলে রয়েছে পলিফেনল ও অ্যান্থোসায়ানিনের মতো উদ্ভিজ্জ উপাদান। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ মোকাবিলায় সহায়তা করতে পারে। কিছু গবেষণায় এসব ফলের উপাদানের সঙ্গে বয়সজনিত স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির অবক্ষয় ধীর হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।
সুস্থ মস্তিষ্কের জন্য প্রয়োজন সুষম জীবনযাপন
বিশেষজ্ঞদের মতে, শুধু নির্দিষ্ট কয়েকটি খাবার খেলেই স্মৃতিশক্তি বাড়বে—এমন নিশ্চয়তা নেই। মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং মানসিকভাবে সক্রিয় থাকাও জরুরি।
তাই স্মৃতিশক্তি ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবারের বৈচিত্র্য রাখা প্রয়োজন।
তথ্যসূত্র: ১৩ নভেম্বর ২০২৬; গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠির পরামর্শ এবং দ্য ওয়াল।

প্রথম দর্পণ,ডেস্ক