বাঙালির খাদ্যাভ্যাস ও লোকজ ঐতিহ্যে পিঠার অবস্থান বহু পুরোনো। প্রায় ৫০০ বছর আগেও বাঙালির খাদ্যসংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসেবে পিঠার প্রচলন ছিল ব্যাপক। সময়ের পরিবর্তনে খাবারের ধরন বদলালেও পিঠার প্রতি বাঙালির আকর্ষণ কমেনি।
নবান্ন ঘিরে নতুন চালের আয়োজন
অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে নতুন ধান ওঠে। সেই ধান থেকে পাওয়া নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠা, পায়েসসহ নানা ধরনের খাবার। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে এসব খাবার ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়ে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে। নতুন ফসল ঘরে তোলার এই উৎসব গ্রামীণ জীবনে আনন্দ ও সামাজিক সম্প্রীতির আবহ তৈরি করে।
শীতের সকালে পিঠা তৈরির ধুম
শীতের কুয়াশামাখা ভোর কিংবা সন্ধ্যায় গ্রামের ঘরে ঘরে মাটির চুলায় পিঠা তৈরির ব্যস্ততা দেখা যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি অতিথিদের জন্যও থাকে বিশেষ আয়োজন। বিশেষ করে জামাই ও আত্মীয়স্বজনকে দাওয়াত করে পিঠা খাওয়ানোর রীতি এখনো অনেক এলাকায় প্রচলিত।
শীতের মৌসুমে খেজুরের রস ও গুড় পিঠার স্বাদে যোগ করে ভিন্ন মাত্রা। খেজুরের রস থেকে তৈরি গুড় দিয়ে পিঠা, পায়েস ও নানা মিষ্টান্ন তৈরি করা হয়। রস ও গুড়ের সুবাসে শীতের পিঠাপুলির আয়োজন হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
পিঠার বৈচিত্র্যে সমৃদ্ধ বাঙালির রান্নাঘর
বাঙালির পিঠার জগৎ বেশ বৈচিত্র্যময়। এর মধ্যে ভাপা পিঠা অন্যতম জনপ্রিয়। গুড়ের মিষ্টি ভাপা, ঝাল ভাপা ও কিমা ভাপাসহ রয়েছে নানা ধরন। তবে খেজুরের গুড় দিয়ে তৈরি মিষ্টি ভাপা পিঠার কদর বেশি।
এ ছাড়া চিতই, দুধচিতই, ছিটা পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, সেমাই পিঠা, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি, নকশি, মালাই, মালপোয়া, পাকন ও ঝাল পিঠাসহ রয়েছে অসংখ্য নাম ও স্বাদের পিঠা। দেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে বলে উল্লেখ করা হয়। সময়ের প্রবাহে কিছু পিঠার প্রচলন কমলেও অনেক ঐতিহ্য এখনো টিকে আছে।
গ্রাম থেকে শহরেও পিঠার উৎসব
একসময় শীতের পিঠাপুলির আয়োজন মূলত গ্রামবাংলার ঘরকেন্দ্রিক ছিল। এখন শহরেও বেড়েছে এর জনপ্রিয়তা। রাজধানীসহ বিভিন্ন শহরের অলিগলিতে শীত এলেই বসে ভাপা পিঠা, পাটিসাপটা ও চিতই পিঠার দোকান। চিতই পিঠার সঙ্গে নানা ধরনের ভর্তার আয়োজনও থাকে। বড় রেস্তোরাঁগুলোতেও শীতের মৌসুমে দেখা যায় বাহারি পিঠার সমাহার।
নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা-পায়েসে জমে ওঠে পৌষ-পার্বণ। শীতের পুরো সময়জুড়ে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় পিঠা উৎসব। এতে নতুন প্রজন্মের কাছেও পরিচিত হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি।
লোকজ ঐতিহ্যের অংশ পিঠাপুলি
পিঠা শুধু খাবার নয়, এটি বাঙালির লোকজ ও নান্দনিক সংস্কৃতিরও অংশ। একসময় দেশে নানা জাতের ধান যেমন ছিল, তেমনি সেসব ধান থেকে তৈরি হতো বিচিত্র স্বাদের পিঠা। পিঠা তৈরির সঙ্গে গ্রামীণ নারীদের দক্ষতা, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্কের নিবিড় যোগ রয়েছে।
পিঠাপুলিকে ঘিরে গ্রামাঞ্চলে প্রচলিত রয়েছে অসংখ্য গান, কবিতা ও ছড়া। কবি বেগম সুফিয়া কামালের ‘পল্লী মায়ের কোল’ কবিতায়ও উঠে এসেছে পৌষ-পার্বণে পিঠা খাওয়ার আনন্দ।
নানা পরিবর্তনের মধ্যেও বাংলার ঘরে ঘরে পিঠা-পার্বণের ঐতিহ্য এখনো টিকে আছে। নতুন ধানের ঘ্রাণ, খেজুরের গুড়ের স্বাদ আর পরিবারের সবাইকে নিয়ে পিঠা খাওয়ার আনন্দ বাঙালির শেকড়ের সঙ্গে মিশে আছে। এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং যত্নের সঙ্গে ধরে রাখাই এখন সময়ের দাবি।

প্রথম দর্পণ,ডেস্ক