সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আবেদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ দুপুর
  • ১১৫৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার আদালতে এ আবেদন করেন। একই সঙ্গে তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও আদালতকে জানানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদনটি জমা দেন। আবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নুরুল ইসলাম নাহিদকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গভীর রাতে গ্রেফতার

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। তদন্তের স্বার্থে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়া এবং অপরাধ সংঘটনে নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার অভিযোগের পক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনে গুলিতে নিহত হন সাদিকুল

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম।

ওইদিন বিকাল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন আসামি পরস্পর যোগসাজশে আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধর ও গুলি চালান।

এ সময় সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত চলছে। নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো এবং পরবর্তী সময়ে রিমান্ডে নেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad