আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার ঋণ পাবেন খেলাপিরাও

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ দুপুর
  • ৮৮৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঋণখেলাপিদের নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণখেলাপি কোনো গ্রাহকের ঋণসংক্রান্ত মামলা বা রিটের বিষয়ে আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকলে তিনি ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তাদের সহায়তা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলার অনুযায়ী, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কর্মস্থলে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে ৬০ হাজার কোটি টাকার ১৫টি বিশেষ ঋণ স্কিম চালু করা হয়েছে।

এসব স্কিমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দিলে সংশ্লিষ্ট গ্রাহক এসব স্কিমের আওতায় ঋণ গ্রহণ করতে পারবেন। তবে এ বিশেষ ছাড়ের বাইরে অন্যান্য ক্ষেত্রে গত ২৯ জুলাই জারি করা বিআরপিডি-১ সার্কুলার লেটার নম্বর-২৫-এর নির্দেশনা বহাল থাকবে।

১৫ স্কিমে ৬০ হাজার কোটি টাকার ঋণ

বাংলাদেশ ব্যাংক কম সুদে অর্থায়নের লক্ষ্যে বিভিন্ন খাতের জন্য ১৫টি বিশেষ পুনঃঅর্থায়ন ও ঋণ সহায়তা স্কিম চালু করেছে। এর মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতে চলতি মূলধন সরবরাহ এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার তহবিল।

এ ছাড়া খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রি-শিপমেন্ট ক্রেডিট, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতের জন্য অর্থায়ন রয়েছে।

বিশেষ স্কিমগুলোর আওতায় আরও রয়েছে ক্রিয়েটিভ ইকোনমি, চামড়া ও চামড়াজাত শিল্প এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য তহবিল।

কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও অর্থায়ন

ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কয়েকটি বিশেষ স্কিম রাখা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তা তৈরি, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানে অর্থায়ন করা হবে।

পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতেও বিশেষ ঋণ সহায়তা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণখেলাপিরা এসব নির্দিষ্ট স্কিমের আওতায় ঋণ গ্রহণের সুযোগ পাবেন। তবে এ সুবিধা সব ধরনের নতুন ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কেবল সার্কুলারে উল্লেখিত বিশেষ স্কিমগুলোর ক্ষেত্রেই তা কার্যকর হবে।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ২০ নভেম্বর ২০২৬; বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগের বৃহস্পতিবার জারি করা সার্কুলার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad