জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তবুও কাটেনি সংকট: উল্লাপাড়ার পাম্পগুলোতে ভোগান্তি
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিভিন্ন ফিলিং স্টেশনে সংকট কাটেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ ভোক্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম বৃদ্ধির পর সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। অনেক পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। বিশেষ করে ডিজেল সংকট বাস ও ট্রাক চলাচলে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে।
চালকদের অভিযোগ, দাম বাড়লেও সহজে তেল পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এতে পরিবহন খাতে স্থবিরতা দেখা দিয়েছে এবং পণ্য পরিবহনের খরচও বেড়ে যাচ্ছে।
অন্যদিকে পাম্প মালিকরা জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলাম বলেন, উল্লাপাড়ায় জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে সাপ্তাহিক ছুটির কারণে সাময়িকভাবে সরবরাহ কিছুটা কমেছে। খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক