উল্লাপাড়ায় পুকুর খননে ঝুঁকিতে সরকারি সড়ক, ভোগান্তির আশঙ্কায় কয়েক গ্রামের মানুষ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি পাকা সড়কের পাশ ঘেঁষে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে সড়কটি ঝুঁকির মুখে পড়েছে এবং যে কোনো সময় ভেঙে পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে কয়েকটি গ্রামের মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ছয়বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় পুকুরপাড় মাদ্রাসা থেকে চড়ুইমুড়ি বাজার সংযোগ সড়কের পাশে একটি পুরাতন পুকুর পুনঃখনন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ব্যক্তি সোহরাব আলী পুকুরটি খননের সময় সরকারি সড়কের একাংশকে পাড় হিসেবে ব্যবহার করেছেন।
স্থানীয়দের ভাষ্য, পুকুরটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর করে খনন করা হয়েছে, যা সড়কের খুব কাছাকাছি হওয়ায় ঝুঁকি বেড়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে সড়কের ওপর ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় পুকুরে পানি সেচ দেওয়া শুরু হওয়ায় সড়ক ধসে পড়ার আশঙ্কা আরও বাড়ছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে। সড়কটি ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি রক্ষার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক সোহরাব হোসেন বলেন, “আমি আমার নিজস্ব জায়গায় পুকুর খনন করছি। সড়কটিও আমার জমির ওপর দিয়ে গেছে। সরকারি ভাবে আংশিক অধিগ্রহণ করা হয়েছে, পুরোটা হলে এ সমস্যা হতো না।”
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে গুরুত্বপূর্ণ এ সড়কটি রক্ষা পায় এবং জনদুর্ভোগ এড়ানো যায়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক