সলঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক আল আমিন মন্ডলের সঞ্চালনায় এবং সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে থানা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে অংশ নেন শ্রমিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশিদুল ইসলাম (শহীদ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুর ছাত্তার, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেন এবং সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুর ইসলাম। এছাড়াও সলঙ্গা থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিশ্বব্যাপী শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক