কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রীর জনসমাগম, চাঁদপুরে একাধিক কর্মসূচিতে যোগদান
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে উঠলে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, চাঁদপুর সফরের পথে বরুড়ার এ পথসভায় সংক্ষিপ্তভাবে অংশ নেন সরকারপ্রধান।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ পথসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের সূচনা করার কথা রয়েছে।
এছাড়া বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক