শিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি ও সহিংসতার’ অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৭:১৩ বিকাল
  • ২১০৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি ও সহিংসতার’ অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

ঢাকা, ১৮ মে : জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ছাত্রশিবির আবারও ‘গুপ্ত-মুনাফেকি ও প্রতারণার রাজনীতি’ শুরু করেছে।

রোববার (১৭ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ পুনর্গঠন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সম্প্রতি দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে। তবে এই পরিবর্তনে ছাত্রশিবির অস্বস্তিতে পড়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া অধিকাংশ উপাচার্যই অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং প্রকাশ্যে কিংবা নেপথ্যে জামায়াতপন্থি মতাদর্শের অনুসারী ছিলেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, জামায়াতপন্থি প্রশাসনকে ব্যবহার করে ছাত্রশিবির দীর্ঘদিন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুপ্ত রাজনীতি, মব সন্ত্রাস, ভয়ভীতি, নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেটভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে। এখন সেই নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তারা আবারও পুরোনো কৌশলে অপতৎপরতা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নবনিযুক্ত উপাচার্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ছাত্রশিবির ফেইক পেজ ও গোপন প্রোপাগান্ডা সেল ব্যবহার করছে বলেও অভিযোগ করেন নাছির। তিনি বলেন, কোথাও মিথ্যাচার, কোথাও বিভ্রান্তি সৃষ্টি, আবার কোথাও সরাসরি যোগদানে বাধা দেওয়া হচ্ছে।

ড. গোলাম রব্বানী সম্পর্কে ‘যোগ্যতা নেই’ বলে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ছাত্রদল নেতা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া, সুইডেনের University of Gothenburg থেকে আন্তর্জাতিক মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী একজন শিক্ষাবিদকে অযোগ্য বলা মিথ্যাচারনির্ভর রাজনীতিরই বহিঃপ্রকাশ।

একইভাবে ড. মোহাম্মদ ইকবাল-কে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধেও ছাত্রশিবির অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ বহু বছরের স্বাভাবিক প্রক্রিয়া।

সম্প্রতি ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদান ঘিরে সংঘটিত হট্টগোলের প্রসঙ্গ টেনে নাছির বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সহিংস হামলা চালিয়ে তাদের রাজনৈতিক চরিত্র আবারও উন্মোচিত করেছে।

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মিথ্যাচার ও গোপন রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সোচ্চার থাকবে বলেও উল্লেখ করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad