বিশ্বকাপ কুইজের বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৪ বিকাল
  • ১৯৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হলেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এখনও অব্যাহত। সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজধানীতে ঢাকা ফ্ল্যাশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপস্থাপক ফয়সাল তিতুমীর।

বিশ্বকাপ চলাকালে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পাঠক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজন বিজয়ী নির্বাচন করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে এস আর মুনতাসির রহমান ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট অর্জন করেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ী তারেক আজিজ পান ঢাকা–সিলেট–ঢাকা রুটের রিটার্ন বিমান টিকিট। অনুষ্ঠানে বিজয়ীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার।

অনুষ্ঠানে জয়ন্ত কর্মকার বলেন, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ফ্ল্যাশের বিশেষ আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ দেশ-বিদেশের দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। এ সফলতার ধারাবাহিকতায় শুধু বড় টুর্নামেন্ট নয়, সারা বছর ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার সংবাদ, বিশ্লেষণ ও বিশেষ আয়োজন নিয়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা যুক্ত ছিল। ঢাকা ফ্ল্যাশের ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’-এর মতো দর্শকপ্রিয় আয়োজনের অংশীদার হতে পেরে প্রতিষ্ঠানটি আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগে ঢাকা ফ্ল্যাশের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা ফ্ল্যাশ কর্তৃপক্ষ জানায়, আগামী সপ্তাহ থেকে দর্শকদের জন্য দুটি নতুন ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান প্রচার শুরু হবে। এর মধ্যে ‘স্পোর্টস ক্রেজ’ অনুষ্ঠানে দেশি-বিদেশি খেলাধুলার সংবাদ ও বিশ্লেষণ তুলে ধরা হবে। পাশাপাশি ‘বিয়ন্ড ফুটবল’ অনুষ্ঠানে ফুটবলের বাইরের নানা গল্প, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ভিন্নধর্মী ক্রীড়া বিষয়বস্তু উপস্থাপন করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad