ছুটি কাটাতে নিজ শহরে ফিরে প্রাণ হারালেন ব্রাজিলের উদীয়মান ফুটবলার ফিলিপে দিয়োগো। সশস্ত্র হামলাকারীর গুলিতে নিহত হওয়া এই তরুণ ফরোয়ার্ডের বয়স হয়েছিল মাত্র ২১ বছর। তার আকস্মিক মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (স্থানীয় সময়) সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে বন্দুকধারীর হামলার শিকার হন দিয়োগো। ব্রাজিলিয়ান ফুটবলের তৃতীয় স্তরের লিগ সেরি সি–এর ক্লাব সাও বের্নার্দো এফসির এই ফুটবলারের শরীরে অন্তত ১০টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিমিওনি ইমার্জেন্সি কেয়ার ইউনিটে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হামলার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি হামলার পেছনের উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
'ফাভেলা' নামে পরিচিত ফিলিপে দিয়োগো ব্রাজিলের ঐতিহ্যবাহী দুই ক্লাব ক্রুজেইরো ও বোতাফোগোর একাডেমিতে ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন। পরে সাও বের্নার্দো এফসিতে যোগ দিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। গত মৌসুমে ক্লাবটির প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সাও বের্নার্দোর জার্সিতে সব মিলিয়ে ১৮ ম্যাচে চারটি গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন।
দিয়োগোর মৃত্যুর পর এক শোকবার্তায় সাও বের্নার্দো এফসি জানায়, ‘আমাদের খেলোয়াড় ফিলিপে দিয়োগো বের্নার্দেস ফেরেইরার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’
তার শৈশবের ক্লাব ভিলা ভার্জিনিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানায়, দিয়োগোর মৃত্যু তার পরিবার, বন্ধু, সতীর্থ এবং অসংখ্য সমর্থকের জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
মাত্র ২১ বছর বয়সেই সম্ভাবনাময় এক ফুটবল ক্যারিয়ারের করুণ সমাপ্তি ঘটল ফিলিপে দিয়োগোর। তার অকাল মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স