গ্রিসে দাবানল নিয়ন্ত্রণ অভিযানের সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনমার্কের পাইলট এবং অপরজন গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা। দুর্ঘটনায় অন্য একটি হেলিকপ্টারে থাকা একজন ব্রিটিশ পাইলট ও একজন গ্রিক সমন্বয়ক প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োতিয়া সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ভাড়ায় নেওয়া দুটি বেল (Bell) হেলিকপ্টার কাজ করছিল। এ সময় মাঝ আকাশে একটির রোটর অপরটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং উভয় হেলিকপ্টারই পাশের একটি খাদে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন লেগে দ্রুত নিচে পড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে একটি হেলিকপ্টার থেকে দুই আরোহীকে জীবিত উদ্ধার করে। অপর হেলিকপ্টারে থাকা দুই আরোহীকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিক সমন্বয়ক ও ডেনিশ পাইলটের অকাল মৃত্যু পুরো জাতিকে শোকাহত করেছে। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং ক্যানাডাইয়ার ওয়াটার-বোম্বিং উড়োজাহাজের মাধ্যমে দাবানল নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন অঞ্চলে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। গত ৭২ ঘণ্টা ধরে পাঁচ শতাধিক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ দাবানলের সূচনা মানবসৃষ্ট হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ আগের তুলনায় আরও ঘন ঘন সৃষ্টি হচ্ছে।
সূত্র: বিবিসি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক