বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা (স্ক্যাম) প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে এফবিআইয়ের কারিগরি ও পেশাগত সহায়তা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক