জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় চরমোনাই পীর

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৭:৪০ বিকাল
  • ১৮৭০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় চরমোনাই পীর

ঢাকা, সোমবার : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকরের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং সে প্রতিশ্রুতির প্রতিই আস্থা রাখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। আমরা তার কথায় আস্থা রাখতেই পারি। এখন আমরা সেদিকেই তাকিয়ে আছি।”

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে এবং জুলাই সনদের মধ্যেই গণভোটের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখতে চায় তার দল।

প্রশাসনে দলীয়করণের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, সরকারপ্রধান সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা বলেছেন। সেই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশাসনে দলীয় নিয়োগ পরিহার করে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া, পরবর্তী সময়ে তা ভেঙে যাওয়া এবং দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন চরমোনাই পীর। তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছরে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যা ভবিষ্যতে আবার সৃষ্টি হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আসন বণ্টনসহ বিভিন্ন বিষয়ে পূর্বসম্মতি ছাড়া একক সিদ্ধান্ত গ্রহণ, বিদেশি কূটনৈতিক যোগাযোগ এবং ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রশ্নে মতপার্থক্যের কারণে জোটগত উদ্যোগ ভেঙে যায়।

বিএনপির সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের রাজনীতি কেবল ক্ষমতা বা মন্ত্রীত্বের জন্য নয়; দেশ, ইসলাম ও মানবতার কল্যাণের জন্য।” তবে আদর্শ ও লক্ষ্য এক হলে ভবিষ্যতে জোট গঠনের পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় কর্মকাণ্ড প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, নির্বাচনের পর নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। তাই সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করেছে দল।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে “গোলামির চুক্তি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির কর্মকাণ্ডের সমালোচনাও করেন।

অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad