উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩৮ হাজার ৪৮৯টি পরিবারের মাঝে ৩৮৪ দশমিক ৮৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ এসেছে তা এই বিশাল দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় অনেক কম। মানুষের চাহিদার কোনো শেষ নেই। তারপরও যারা এই সহায়তা পাচ্ছেন তারা অনেকটাই উপকৃত হবেন। সরকার সবসময় নিম্নআয়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই সরকারের এই উদ্যোগ। সমাজের বিত্তবান মানুষদেরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”
এসময় তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিজিএফের চাল যেন প্রকৃত উপকারভোগীদের হাতে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে পৌঁছে দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি প্রশ্রয় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথম দর্পণ,ডেস্ক