নজরুলজয়ন্তী ও ধরার খাল পুনঃখনন উদ্বোধনে ত্রিশালে প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০১:১০ দুপুর
  • ২২৬০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নজরুলজয়ন্তী ও ধরার খাল পুনঃখনন উদ্বোধনে ত্রিশালে প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনে সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে উদ্‌যাপিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) কবির ১২৭তম জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে এবার অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনে শনিবার থেকেই তিন দিনব্যাপী আয়োজন শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে নির্মিত ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুলজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ত্রিশালের নজরুল মঞ্চ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজসজ্জা ও আলোকসজ্জায় নতুন রূপ দেওয়া হয়েছে অনুষ্ঠানস্থলকে। প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নজরুলজয়ন্তীর উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ধরার খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন।

সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad