ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি, ব্যস্ত নগরজীবন
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি। ঈদের দিন অতিরিক্ত ভিড়, কসাই সংকট ও নানা ব্যস্ততার কারণে অনেকেই শুক্রবার (২৯ মে) কোরবানি দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদের জামাত শেষে নগরবাসী কোরবানি কার্যক্রম শুরু করেন। তবে প্রথম দিনের চাপ এড়াতে অনেকে দ্বিতীয় দিনে পশু কোরবানি করাকে বেশি স্বাচ্ছন্দ্যজনক মনে করছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য বজায় রাখতে, আবার কেউ দক্ষ কসাই না পাওয়ায় দ্বিতীয় দিনে কোরবানি করছেন। অনেক এলাকায় সকাল থেকেই পশু জবাই, গোশত প্রস্তুত ও বিতরণে ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।
দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন জানান, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকট, পরিবহন সমস্যা এবং বর্জ্য ব্যবস্থাপনায় ভোগান্তি তৈরি হয়। এ কারণে তারা পরদিন কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইসলামী শরিয়াহ অনুযায়ী, ঈদুল আজহার কোরবানির নির্ধারিত সময় তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্যবান মুসলমানরা কোরবানি আদায় করতে পারেন। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি করা বৈধ।

প্রথম দর্পণ,ডেস্ক