৮০ ভাষায় পবিত্র কোরআন উপহার, দেশে ফেরার পথে হাজিদের হাতে সৌদির বিশেষ উপঢৌকন
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফেরার আগে বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের হাতে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি তুলে দিচ্ছে সৌদি আরব। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে এই বিশেষ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে ইতোমধ্যে কোরআনের কপি বিতরণ শুরু হয়েছে। বিদেশি হাজিরা বিমানে আরোহনের আগে তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মদিনায় অবস্থিত কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত মোট ১৯ লাখ কপি পবিত্র কোরআন ও এর অনুবাদ হাজিদের মধ্যে বিতরণ করা হবে। হাজিরা যেন নিজ নিজ মাতৃভাষায় কোরআনের বাণী সহজে অনুধাবন করতে পারেন, সে লক্ষ্যে ৮০টিরও বেশি ভাষার অনুবাদ সংবলিত সংস্করণ প্রস্তুত করা হয়েছে।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে সৌদি আরবের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টাব্যাপী এই কোরআন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, “বিশ্বব্যাপী পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।”
এদিকে হজ শেষে হাজিদের নির্বিঘ্নে নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের সব স্থল, আকাশ ও সমুদ্রবন্দরে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের হজে অংশ নেওয়া হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩১০ জনে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত অভ্যন্তরীণ হাজির সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ