রাজধানীর গুলশান লেকে স্থাপিত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার সকালে তিনি গুলশান লেক ও মহাখালীস্থ রাজউকের ইউআরপি ভবন এলাকা পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং লেকে স্থাপিত স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গুলশান-২-এর ১৮ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকাও পরিদর্শন করেন।
এ সময় তিনি রাজধানীর লেকগুলোকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মহাখালীতে অবস্থিত রাজউকের ইউআরপি ভবনও পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

প্রথম দর্পণ,ডেস্ক