২০২৭ সালের হজে যেতে আজ থেকেই প্রাথমিক নিবন্ধন, জেনে নিন গুরুত্বপূর্ণ সব নির্দেশনা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ১২:৪৫ দুপুর
  • ৫০৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য আজ সোমবার (২৭ জুলাই) থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসারে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি নির্ধারণ করেছে।

প্রাথমিক নিবন্ধনে কত টাকা লাগবে

সরকারি কিংবা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধন শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কোথায় করা যাবে নিবন্ধন

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি খুলে নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

সরকারি মাধ্যমে হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

যাঁরা হজে যেতে পারবেন না

নীতিমালা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।

এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগী হজে যাওয়ার অনুমতি পাবেন না।

সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। পাশাপাশি গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদ পাবেন না।

নিবন্ধনের সময় যা নির্বাচন করতে হবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এছাড়া নিবন্ধনের জন্য ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad