ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত রোগমুক্তি কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী মহান আল্লাহ তাআলার দরবারে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি আন্তরিকভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বর্তমানে ধর্মমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অতীতে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে তিনি ধর্মমন্ত্রীর পূর্ণ সুস্থতা কামনা করেন এবং দ্রুত দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক প্রার্থনা করেন।
এদিকে, একই দিন বাদ জোহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদরাসায় ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী।
এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামিয়া ওবায়দিয়া নাগপুর মাদরাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মাওলানা মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান যৌথভাবে দেশবাসীর প্রতি ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানান।
তারা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই ধর্মমন্ত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় সবাইকে আন্তরিকভাবে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রথম দর্পণ,ডেস্ক