কক্সবাজারে প্রধানমন্ত্রীর ঘোষণা: ‘বাজেটের পর বাড়েনি কোনো পণ্যের দাম, কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্ব’

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, ১২:১৪ দুপুর
  • ৮৬৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সদ্য ঘোষিত জাতীয় বাজেটের পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। তিনি বলেন, কর বৃদ্ধি করা হয়েছে শুধু মদ ও সিগারেটের ওপর, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ বিষয়েও বিরোধী দল সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভা এবং সদর উপজেলার পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের আড়াই হাজার টাকা করে নগদ প্রণোদনা দেওয়া হবে।

কৃষকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অর্থনীতির ভিত্তি কৃষি। তাই লবণচাষিদের জন্য ন্যায্যমূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা উৎপাদনের সঠিক মূল্য পান এবং লাভবান হতে পারেন।

সভায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার সড়কটির আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পাতলী খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, প্রকল্পটি শুধু একটি খাল সংস্কার কর্মসূচি নয়; এটি কৃষি, সেচব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খালটি পুনঃখনন হলে প্রায় সাড়ে আট হাজার কৃষক উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নারী শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাতলী খাল প্রকল্পের উদ্বোধন করেছিলেন। প্রায় পাঁচ দশক পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন।

দিনব্যাপী কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। সফরকালে তিনি শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান তুলে দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad