নকআউটের টিকিটের লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড-বসনিয়া

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ১২:৪৬ দুপুর
  • ৭৩৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে নকআউট পর্বে ওঠার দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুই দলই ড্র করায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। ফলে আজকের ম্যাচে জয় পাওয়া দল নকআউট পর্বের পথে বড় ধরনের সুবিধা অর্জন করবে।

বিশ্বকাপের আগে গ্রুপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত ছিল সুইজারল্যান্ড। তবে নিজেদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি মুরাত ইয়াকিনের শিষ্যরা। ব্রিল এমবোলোর পেনাল্টি গোলে এগিয়ে গেলেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় তাদের। ম্যাচের শেষদিকে গোল হজম করে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয় সুইসদের।

অন্যদিকে স্বাগতিক কানাডার বিপক্ষে দারুণ লড়াই করে এক পয়েন্ট আদায় করে নেয় বসনিয়া-হার্জেগোভিনা। জোভো লুকিচের গোলে এগিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় লিড ধরে রাখলেও শেষ মুহূর্তে সাইল লারিনের গোলে জয় হাতছাড়া হয়। তবু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া ড্র দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে।

সাম্প্রতিক পারফরম্যান্সও বসনিয়ার জন্য আশাব্যঞ্জক। টানা নয় ম্যাচ অপরাজিত রয়েছে দলটি, যদিও শেষ ছয়টি ম্যাচই ড্র হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার পূর্ণ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সার্জেই বারবারেজের দল।

দুই দলের অতীত পরিসংখ্যানেও রয়েছে বসনিয়ার সামান্য এগিয়ে থাকা। ২০১৬ সালে অনুষ্ঠিত একমাত্র প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল বসনিয়া-হার্জেগোভিনা।

দলীয় সংবাদে সুইজারল্যান্ডের জন্য স্বস্তির খবর, তাদের শিবিরে উল্লেখযোগ্য কোনো চোট সমস্যা নেই। তবে বসনিয়ার রক্ষণভাগে সিয়াদ কোলাসিনাচের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন নিদাল চেলিক।

গ্রুপের চার দলই প্রথম ম্যাচে ড্র করায় পয়েন্ট তালিকায় ব্যবধান গড়ে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে আজকের ম্যাচে। তাই নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সুইজারল্যান্ড ও বসনিয়া—উভয় দলের জন্যই ম্যাচটি হয়ে উঠেছে ‘অলিখিত ফাইনাল’।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad