সত্যের খোঁজে অনুসন্ধানী সাংবাদিক অপূর্ব, ‘হেডলাইন’-এ রহস্য আর উত্তেজনার গল্প

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৫:০০ বিকাল
  • ৪৫৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও ওটিটি পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ তিনি অভিনয় করেছেন জহির নামের এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে, যিনি সত্য উদ্ঘাটনের নেশায় জড়িয়ে পড়েন নানা রহস্য, সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি।

সালেহ সোবহান অনীম নির্মিত সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে। এরই মধ্যে প্রকাশিত ট্রেইলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ট্রেইলারে সাংবাদিকতার বাস্তবতা, সত্য অনুসন্ধানের সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে নাটকীয় আবহে।

সিরিজটিতে জহির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, “চরিত্রটির একটি শক্তিশালী গ্রাফ রয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে নানা রূপে দেখা যাবে। কখনো আবেগপ্রবণ, আবার কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাকে। একজন অভিনেতা হিসেবে এমন বহুমাত্রিক চরিত্র আমাকে সবসময় আকৃষ্ট করে।”

তিনি আরও বলেন, “শুধু চরিত্র নয়, ‘হেডলাইন’-এর গল্পটিও আমাকে মুগ্ধ করেছে। রহস্য, গতি এবং সমসাময়িক প্রেক্ষাপটের কারণে এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী হয়েছি। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা বিনোদনের পাশাপাশি চিন্তারও খোরাক জোগাবে।”

সিরিজটির আরেকটি বিশেষ আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী। শক্তিশালী গল্পনির্ভর একটি প্রযোজনার মাধ্যমে ফিরে আসতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

‘হেডলাইন’-এ অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি এবং আরিফিন জিলানীসহ আরও অনেকে।

সাংবাদিকতা, অপরাধ, পারিবারিক সম্পর্ক এবং গোপন সত্য উন্মোচনের গল্প নিয়ে নির্মিত ‘হেডলাইন’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad