ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে দেশের সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
শুক্রবার রাজধানীর শ্যামপুর জোন আয়োজিত বাছাইকৃত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মাসুদ বলেন, ইসলামী ব্যাংক কেবল একটি বাণিজ্যিক ব্যাংক নয়; দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্যাংকটির স্থিতিশীলতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রকৃত মালিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, এস আলম গ্রুপের মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ব্যাংকের ভেতরে সংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীর সহযোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের ওপর গুরুত্বারোপ করে জামায়াত নেতা বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী রাখতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা উচিত।
বক্তব্যে তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের গঠনমূলক ভূমিকা রাষ্ট্রের উন্নয়নে সহায়ক। সেই দায়িত্ববোধ থেকেই জামায়াতে ইসলামী দেশের স্বার্থে সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জোন পরিচালক ও কদমতলী মধ্য থানা আমির মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। এছাড়া বক্তব্য দেন মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মহিউদ্দিন, কদমতলী জোনের সহকারী পরিচালক আব্দুর রহিম জীবন এবং যাত্রাবাড়ী থানা আমির মাওলানা সাদিক বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার