সংসদে অপ্রাসঙ্গিক বিতর্কে জনস্বার্থের বিষয় আড়ালে যাচ্ছে: আবদুল কাইয়ূম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৪:২৫ দুপুর
  • ৪৫২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদে অপ্রাসঙ্গিক আলোচনা ও বিতর্কের কারণে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের করের অর্থে পরিচালিত জাতীয় সংসদে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সংসদের কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে নিবেদিত হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সাধারণ মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় করে কর প্রদান করেন। একই সঙ্গে প্রবাসীরা পরিবার-পরিজন থেকে দূরে থেকে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এসব অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি দাবি করেন, সংসদ অধিবেশনের প্রতিটি মিনিটে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। তাই আইন প্রণয়ন, জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের সমস্যা নিয়ে কার্যকর আলোচনা হওয়া প্রয়োজন। অপ্রাসঙ্গিক বক্তব্য ও বিতর্ক সংসদের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, রাষ্ট্রীয় সম্পদ জনগণের আমানত। সেই আমানতের প্রতি দায়িত্বশীল আচরণ করা জনপ্রতিনিধিদের নৈতিক ও সাংবিধানিক কর্তব্য। তিনি সংসদকে একটি কার্যকর ও ফলপ্রসূ আইনসভা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad