রাজধানীর আলিয়া মাদরাসা মোড়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিয়ে নেতৃত্ব দেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষের জেরে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সাদা পাঞ্জাবি পরিহিত রবিউল ইসলাম নয়নের মাথায় হেলমেট এবং হাতে লাঠি বা জিআই পাইপ ছিল। তাকে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
রবিউল ইসলাম নয়ন বর্তমানে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিবও।
সংঘর্ষের একপর্যায়ে পুলিশের সঙ্গেও তাকে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?"
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়েও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

প্রথম দর্পণ,ডেস্ক