ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেককে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন কর্মী সাজসজ্জার কাজ করছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান।
তিনি আরও অভিযোগ করেন, হামলায় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সকাল থেকে কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের কোনো তথ্য তার কাছে নেই। তবে ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের একটি অভিযোগ পাওয়া গেছে বলেও তিনি জানান।

প্রথম দর্পণ,ডেস্ক