প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন দেশে ফিরে তার অভিযোগের বিষয়ে আইনের আশ্রয় নিতে চাইলে তিনি তা করতে পারবেন। ভুক্তভোগী হিসেবে ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করা তার আইনগত ও সাংবিধানিক অধিকার বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, তসলিমা নাসরিন যদি দেশে ফিরে তার অভিযোগের বিষয়ে আদালতের শরণাপন্ন হন, তাহলে আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং আদালত বিষয়টি বিবেচনা করবেন। তিনি বলেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে তামাদির বিষয় প্রযোজ্য নয়।
তিনি আরও বলেন, “তিনি যেহেতু নিজেকে ভুক্তভোগী হিসেবে দাবি করছেন, তাই দেশে ফিরে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে আদালতে যেতে চাইলে সেটি তার একান্তই ব্যক্তিগত ও আইনসম্মত অধিকার।”
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তসলিমা নাসরিন তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ক’, যা ভারতে ‘দ্বিখণ্ডিত’ নামে প্রকাশিত হয়েছে, সেখানে কয়েকজন কবি, সাহিত্যিক ও সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছেন।
বইটিতে লেখক ইমদাদুল হক মিলনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ এবং কবি সৈয়দ শামসুল হক সম্পর্কেও বিভিন্ন ব্যক্তিগত প্রসঙ্গ উল্লেখ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব বর্ণনার পরিপ্রেক্ষিতে সৈয়দ শামসুল হক তসলিমা নাসরিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক