‘ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের কারণে জুলাইয়ের রাজনৈতিক ঐক্যে বিভাজন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির এবং ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, রাষ্ট্র পরিচালনার শুরুতেই সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে ক্ষমতাসীনরা জুলাইয়ের ঐক্যকে দুর্বল করার পথ বেছে নিয়েছে। তিনি দাবি করেন, যারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়, তাদের অবস্থান ইতোমধ্যে জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আ. মান্নান এবং ড. আবুল কালাম আজাদ বাশার। এছাড়া বক্তব্য দেন মহানগর নায়েবে আমির মাস্টার মোসলেহ উদ্দিন ও অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী এমন একটি মানবিক নগর ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে বেকারত্ব ও দারিদ্র্য কমে আসবে এবং নাগরিকরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। তিনি বলেন, প্রতিটি শহরকে বাসযোগ্য, নিরাপদ ও জনবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে।
তিনি আরও জানান, মানবিক সমাজ বিনির্মাণের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসহ জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। জনগণের সেবা ও কল্যাণকেই দলের কর্মকাণ্ডের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে সকালে রাজধানীর উত্তরায় শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, ডিএনসিসি নির্বাচনে জনগণ দায়িত্ব দিলে নিরাপদ ও আধুনিক নগর গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, সুশাসন ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে পাঁচ বছরের মধ্যে ঢাকার দৃশ্যমান পরিবর্তন সম্ভব।
দুর্নীতিমুক্ত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার