মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এসব পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৬ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
মাউশি জানিয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের নতুন সূচি অনুসরণ করে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ