হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজে টানা ষষ্ঠ দিনের শাটডাউন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ০৩:২৮ দুপুর
  • ১৯৬৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, নিয়মিত একাডেমিক কার্যক্রম নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে গেছেন শিক্ষার্থীরা। রোববারও তারা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের প্রধান ফটকে ‘শাটডাউন’ ব্যানার টাঙিয়ে বিক্ষোভ শুরু করেন। কর্মসূচি চলাকালে তারা কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারীকে ভবনে প্রবেশ করতে দেননি। একই সঙ্গে দাবি আদায়ে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না থাকায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে তাদের চিকিৎসা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত হাসপাতাল চালু এবং সংকট নিরসনে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও দাবি জানান তারা।

এ সময় স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সমাবেশে বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরী।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad