পাবনার ঈশ্বরদী পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবলু (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই মাহাবুবুর রহমান পলাশ।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুরে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শনিবার রাত ১০টায় ঈশ্বরদী পৌর শহরের ফতেহমোহাম্মদপুর লোকো ফুটবল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ঈশ্বরদী পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে মোকলেছুর রহমান বাবলু ছিলেন ঈশ্বরদীর অন্যতম পরিচিত ও প্রভাবশালী বিএনপি নেতা। তিনি টানা তিনবার ঈশ্বরদী পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়া ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বহুল আলোচিত মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় সাড়ে পাঁচ বছর কারাভোগ করেন এবং একপর্যায়ে মৃত্যুদণ্ডেও দণ্ডিত হন। পরে ২০২৪ সালে মামলাটি খারিজ হলে তিনি অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি পান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। শোকবার্তায় তিনি বলেন, “বিএনপি একজন জনপ্রিয়, ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে হারিয়েছে। তাঁর মৃত্যু দল ও এলাকার রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স