কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ আরও জোরদার করতে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানিটির মোট জনবলের প্রায় ২ দশমিক ১ শতাংশ এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে সোমবার (৬ জুলাই) এ তথ্য জানানো হয়।
মাইক্রোসফট জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতের সঙ্গে তাল মিলিয়ে এআই অবকাঠামোতে বড় পরিসরে বিনিয়োগ এবং কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতেই এই পুনর্গঠন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে উন্নত এআই সেবা সম্প্রসারণ, ডেটা সেন্টার নির্মাণ এবং ক্লাউডভিত্তিক প্রযুক্তি উন্নয়নে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ঘিরে বিনিয়োগের প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছর এআই খাতে বৈশ্বিক বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। ফলে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একদিকে বিপুল বিনিয়োগের চাপ, অন্যদিকে মুনাফা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর ধারাবাহিকতায় চলতি বছর অ্যামাজন ও মেটা-ও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে, যা ২০২২ সালের পর বছরের প্রথমার্ধে কোম্পানিটির সবচেয়ে দুর্বল শেয়ার পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট। নতুন অর্থবছরের বাজেট ও ব্যয় পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রতি বছর জুন-জুলাই সময়ে কর্মী পুনর্বিন্যাস বা ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়ে থাকে।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ব্যবসায় প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও, বিপুলসংখ্যক ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার ব্যয় কোম্পানির নগদ অর্থপ্রবাহের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির এক্সবক্স গেমিং কনসোলের মূল্যেও।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আগামী দিনে এআইভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র হলে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পুনর্গঠন ও কর্মীসংকোচনের প্রবণতা আরও বাড়তে পারে।
সূত্র: এনডিটিভি

প্রথম দর্পণ,ডেস্ক