৯০ বছরের পুরনো গাণিতিক সমস্যা সমাধানের দাবি ওপেনএআইয়ের

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গণিতের সবচেয়ে জটিল ও আলোচিত সাতটি ‘মিলেনিয়াম সমস্যা’র একটি ‘নাভিয়ার-স্টোকস এক্সিস্টেন্স অ্যান্ড স্মুথনেস’ সমস্যার সমাধানের দাবি করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন একটি এআই মডেল এবং প্রায় ১০ হাজার এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় নাভিয়ার-স্টোকস সমীকরণের গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার ওপেনএআই জানায়, পানি ও অন্যান্য তরলের গতিবিধি বর্ণনা করতে নাভিয়ার-স্টোকস সমীকরণ ব্যবহার করা হয়। এর গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক অংশ প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত ছিল।

৮৮ ঘণ্টায় সমাধানের দাবি

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর কাজ শুরু করার পর ৫ সেপ্টেম্বরের মধ্যে এআই এজেন্টগুলো একটি সমাধানে পৌঁছে যায়। এ সময়ে তারা প্রায় ৩০ লাখ বার্তা আদান-প্রদান করে এবং ১৩ হাজার কোটি আউটপুট টোকেন ব্যবহার করে।

ওপেনএআইয়ের বর্তমান মূল্য অনুযায়ী, এ ধরনের প্রচেষ্টায় প্রায় এক কোটি ডলার খরচ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো মেলেনি

২০০০ সালে ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট সাতটি ‘মিলেনিয়াম সমস্যা’ ঘোষণা করে। প্রতিটি সমস্যার সঠিক সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারণ করা হয়। ওপেনএআইয়ের এ দাবির আগে সাতটি সমস্যার মধ্যে মাত্র একটির সমাধান হয়েছিল।

তবে ওপেনএআইয়ের দাবি করা সমাধানটি এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। ফলে নাভিয়ার-স্টোকস সমস্যাটি আনুষ্ঠানিকভাবে সমাধান হয়েছে—এমন স্বীকৃতি এখনো দেওয়া যাচ্ছে না।

এআই নিয়ে গণিতবিদদের উদ্বেগ

গণিতের জটিল সমস্যা সমাধানে এআইয়ের এমন অগ্রগতি নিয়ে গণিতবিদদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। ইউসিএলএর অধ্যাপক ও খ্যাতিমান গণিতবিদ টেরেন্স তাও মনে করেন, এআই যদি মানুষের পরিবর্তে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে শুরু করে, তাহলে গণিতের গভীর মানবিক বোঝাপড়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

তার মতে, কঠিন কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়ার মধ্য দিয়েই গণিতবিদরা নতুন কিছু শেখেন।

ওপেনএআইয়ের দাবি স্বাধীনভাবে যাচাই না হওয়া পর্যন্ত এটিকে ‘মিলেনিয়াম সমস্যা’র আনুষ্ঠানিক সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই। তবে এআইয়ের এ অগ্রগতি গণিত গবেষণায় মানুষের ভূমিকা এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad