প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। এবার আসুন, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’
সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলেন, তেমনি সম্প্রতি দেশের মানুষ সম্মিলিতভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তিনি বলেন, সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করে, তাহলে তার সুফল পুরো জাতিই ভোগ করবে।
পরিবেশ সংরক্ষণে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের বা সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বৃক্ষরোপণ দিবসে দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান।
তিনি বলেন, প্রত্যেকে নিজের বাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করলে সামগ্রিকভাবে দেশের পরিবেশের উন্নতি হবে।
সাগরদী খালের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, খালটি এ এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, খালের দুই পাড়ের বাসিন্দাদেরও রয়েছে।
তিনি খালে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ বিভিন্ন বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে বলেন, যাঁরা এখানে বেড়াতে আসেন, তাঁরা যেন নির্ধারিত ময়লার বিন ব্যবহার করেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিটি করপোরেশনকে মাইকিংসহ প্রচারণা চালানোরও পরামর্শ দেন।
খালের অপর পাড়ে স্থাপিত একটি পাইপের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বাসাবাড়ির ব্যবহৃত পানি বা সুয়ারেজের সংযোগ সরাসরি খালে দেওয়া উচিত নয়। তিনি সিটি করপোরেশনকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, এতে পরিবেশ দূষণ কমবে ও খালের পানি নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, মানুষ যেমন নিজের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তেমনি নিজের এলাকা ও দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও নিজেদেরই নিতে হবে। অন্য দেশের পরিচ্ছন্ন পরিবেশ দেখে আফসোস না করে নিজেদের দেশকেই সুন্দর করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন খালের দুই পাড়ে একটি করে গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক