হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (সিজিএ) ৭টি ক্যাটাগরির মোট ৫৭৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য তিনটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৭ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৭৮ জন নিয়োগ দেওয়া হবে অডিটর পদে। এ পদটি ১১তম গ্রেডভুক্ত এবং বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।
এ ছাড়া কম্পিউটার অপারেটর পদে ২ জন (গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা), জুনিয়র অডিটর পদে ৯২ জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ৪ জন এবং ড্রাইভার পদে ২ জন (গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা) নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে সর্টার পদে ৪০ জন (গ্রেড-১৯, বেতন স্কেল ৮,৫০০–২০,৫৭০ টাকা) এবং অফিস সহায়ক পদে ৫৭ জন (গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা) নিয়োগের সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি হিসেবে অডিটর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ৫ নম্বর পদে সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদে সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডের পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা রাখা হয়েছে।
সিজিএ জানিয়েছে, ২৭ ডিসেম্বর ২০২১ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক