ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার করে সংঘবদ্ধ অপরাধী চক্রের মানব পাচার ও অভিবাসী চোরাচালান রুখতে প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।
বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ (National Dissemination) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় আধুনিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর ভাষায়, নতুন আইনটি আন্তঃদেশীয় এ ধরনের গুরুতর অপরাধ মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত ও ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।
মন্ত্রী জানান, নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিও আইনে সংরক্ষিত হয়েছে, যাতে বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে তাঁদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ অবহিতকরণ সভা আইন বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নতুন আইন সম্পর্কে অভিন্ন ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তদন্ত থেকে বিচার নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপে সমন্বয় জোরদার এবং আইনটির কার্যকর বাস্তবায়নের বিভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধের অন্যতম ভয়াবহ রূপ। এসব অপরাধ ঝুঁকিপূর্ণ মানুষকে শোষণের পাশাপাশি আইনের শাসনকে দুর্বল করে এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করে। তাই এ অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, অপরাধী চক্র ভেঙে দেওয়া এবং দোষীদের বিচারের আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও প্রধান বিধানসমূহ তুলে ধরেন। পরে আইন বাস্তবায়নের অগ্রাধিকার এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, সিআইডি, পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিচার বিভাগ, প্রসিকিউশন, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, দেশি-বিদেশি বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

প্রথম দর্পণ,ডেস্ক