কমিশন না বাড়ালে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের সিএনজি স্টেশন ধর্মঘট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৬ দুপুর
  • ২১৪৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিএনজি বিক্রিতে কমিশন (মার্জিন) বাড়ানোর দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে প্রথম ধাপে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এক দিনের প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত প্রায় ১১ বছর ধরে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে নির্ধারিত ৮ টাকা কমিশন অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতি, সরকারি ন্যূনতম মজুরি বৃদ্ধি, ডলারের দাম, ব্যাংক গ্যারান্টি কমিশন, সুদের হার এবং অন্যান্য পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বর্তমান কমিশনে স্টেশন পরিচালনা করা মালিকদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরে সংগঠনটি জানায়, সিএনজি কমিশন বর্তমান ৮ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ১৩ দশমিক ৯৬ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে সিএনজি উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে কমিশনও স্বয়ংক্রিয় ও আনুপাতিক হারে সমন্বয় করতে হবে।

এ ছাড়া গ্যাসের দাম বৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায়ের প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি বা সংযোগ সড়কের ইজারা মাশুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনারও দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad